ইউএনও’র স্বাক্ষর জালের অভিযোগে অধ্যক্ষ গ্রেফতার

জেলায় তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) স্বাক্ষর জাল করার অভিযোগে কাজীপাড়া আদর্শ কারিগরি মহিলা কলেজের অধ্যক্ষকে গ্রেফতার করা হয়েছে। তারাগঞ্জ উপজেলা থেকে গতকাল রবিবার তাকে গ্রেফতার করে পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তত্কালীন ইউএনও ফরহাদ হোসেনের স্বাক্ষর জাল করে ৩ শিক্ষানুরাগীকে সদস্য কমিটিতে অন্তর্ভুক্ত করে বেতন উত্তোলনের চেষ্টা করলে বর্তমান কর্মরত ইউএনও গোলাম মওলার সন্দেহ হয়। এরপর কাজীপাড়া আদর্শ কারিগরি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিছুল ইসলামকে ফাইলপত্র নিয়ে তার অফিসে ডাকেন। এ সময় ফাইলপত্র নিরীক্ষণ করে তত্কালীন ইউএনও ফরহাদ হোসেনের স্বাক্ষর জালের প্রমাণ পায়। স্বাক্ষরে তারিখ প্রদান করা হয়েছে ১২/০১/২০১৪। অথচ তিনি ০১/১২/২০১৩ইং তারিখে তারাগঞ্জ উপজেলা থেকে বদলি হয়ে গাইবান্ধার সাদুল্ল¬াপুর উপজেলায় যোগদান করেন। বর্তমান ইউএনও তত্কালীন উপজেলা নির্বাহী অফিসার ফরহাদ হোসেনের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়ে অধ্যক্ষ ইউএনও’র স্বাক্ষর জাল করেছেন বলে প্রতীয়মাণ হওয়ায় অধ্যক্ষ আনিছুল ইসলামকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার গোলাম মওলা জানান, স্বাক্ষর জাল করে প্রতারণা করায় তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। তারাগঞ্জ থানার ওসি মোসাব্বেরুল হক জানান, কাজীপাড়া আদর্শ কারিগরি মহিলা কলেজের অধ্যক্ষ আনিছুল ইসলামকে স্বাক্ষর জাল করার অভিযোগে গ্রেফতার করে থানায় আটক রাখা হয়েছে।