চবিতে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে লঙ্কাকাণ্ড
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৪, ২২:৪০
তুচ্ছ ঘটনা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সামনে সামান্য বিষয়ে কথা কাটাকাটি থেকে উভয়ের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ চলাকালে ব্যাপক গোলাগুলি ও ককটেলের শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। রাত পৌনে আটটায় এ রিপোর্ট লেখার সময় থেমে থেমে সংঘর্ষ চলছিল। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সিরাজউদ্দৌলা জানান। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যায় শাহ আমানত হল সংলগ্ন মাঠে খেলা শেষ করে ছাত্রলীগ কর্মীরা হলের দিকে ফিরছিলেন। সোহরাওয়ার্দী হলের সামনে দিয়ে যাওয়ার সময় সেখানে একটি দোকানে বসা শিবির কর্মীরা ছাত্রলীগ কর্মীদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করে। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে শিবির কর্মীদের ধাওয়া খেয়ে ছাত্রলীগ কর্মীরা শাহ আমানত হলের ভেতরে ঢুকে যায়। কিছুক্ষণ পর তারা সংগঠিত হয়ে আবার সোহরাওয়ার্দী হলের দিকে আসে। এসময় সোহরাওয়ার্দী হল লক্ষ্য করে গুলিবর্ষণ করা হলে জবাবে শিবির কর্মীরাও হলের ভেতর থেকে পাল্টা গুলি ও ককটেল নিক্ষেপ করে। এরপর উভয়ের মধ্যে ব্যাপক গুলি বিনিময় ও ককটেল বিস্ফোরণে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ বলেন, কী কারণে মারামারি লেগেছে এখনো জানতে পারিনি। তবে ঘটনাস্থলে প্রক্টরিয়াল বডিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন রয়েছেন।