রাবিতে নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ

নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ক্যাম্পাসে গতকাল রবিবার মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা। সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা এই কর্মসূচি পালন করে। ১৯৯৫ সালে ২৪ আগস্ট জেসমিন নামে এক মেয়ে দিনাজপুরে পুলিশের গণধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করেন। এরই ধারাবাহিকতায় প্রতি বছর ২৪ আগস্ট নারী নির্যাতন দিবস পালিত হয়ে আসছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের অর্থ সম্পাদক তাসনোভা তাহরিন অন্তরার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন—সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সোহরাব হোসেন, ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কণিকা গোপ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুজন, সাংগঠনিক সম্পাদক মোহর আলী প্রমুখ। বক্তারা সবধরনের নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।