আইভি রহমানের দশম মৃত্যুবার্ষিকী পালন

একুশে আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা, নারীনেত্রী আইভি রহমানের দশম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গতকাল রবিবার সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাতের মাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। বাদ আছর আইভী কনকর্ড টাওয়ারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর আগে প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। বনানীতে আইভী রহমানের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন, সতিশ চন্দ্র, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দ্রিরা, আইভি রহমানের পুত্র নাজমুল হাসান পাপন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দি, একেএম এনামুল হক শামীম, ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জমান সোহাগ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার প্রমুখ। আইভি রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সর্বস্তরের মানুষের ঢল নামে। মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা সমিতিসহ অসংখ্য সংগঠনের নেতা-কর্মীরা তাদের নিজ নিজ সংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে আইভি রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর বনানী কবরস্থান মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট তাদের গুলশান কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে।