এক মাসের মধ্যে সব জেলায় এমআরপির কাজ শুরু
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৪, ২২:৪৩
দেশের সব জেলায় আগামী এক মাসের মধ্যে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) তৈরির কাজ শুরু হবে। গতকাল রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিশ্রুতি কমিটির বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ইতিমধ্যে এ সংক্রান্ত পরীক্ষামূলক প্রকল্পের আওতায় মাদারীপুর, লক্ষ্মীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও নওগাঁয় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় কাজ শুরু করেছে বলেও কমিটিকে জানায় মন্ত্রণালয়।
এদিকে, গতকাল অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয় জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইসরায়েলি আক্রমণের ফলে ফিলিস্তিনে চলমান বিপর্যয় মোকাবেলায় চিকিত্সা সেবা, ওষুধ সরবরাহ এবং উদ্বাস্তুদের সাময়িক আশ্রয়ের জন্য তাঁবু সরবরাহের জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। বিষয়টি সরকার সক্রিয় বিবেচনায় নিয়ে বাস্তবায়ন করবে।
সরকারি প্রতিশ্রুতি কমিটির বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমআরপি সম্পর্কিত একটি প্রতিবেদন উত্থাপন করে। বৈঠক শেষে কমিটির সদস্য, হুইপ শহীদুজ্জামান সরকার সাংবাদিকদের বলেন, দেশের সকল জেলায় এমআরপি চালু হলে সাধারণ মানুষের হয়রানি অনেকাংশে কমবে। বৈঠকে প্রতিশ্রুতি কমিটি নৌপথে যাত্রীদের জানমালের নিরাপত্তার জন্য পদ্মার বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে নৌ-পুলিশ ফাঁড়ি স্থাপনের সুপারিশ করেছে। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত, হাইকমিশনারদের নিয়ে গঠিত ‘এসোসিয়েশন অব ফরমার বিসিএস (এফএ) অ্যাম্বাসেডর’ সংগঠনটির কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ২৫ লাখ টাকা দরকার। যা অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেবে। কমিটি সভাপতি ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে গাজায় ইসরায়েলি হামলার তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে দ্রুত এই হামলা বন্ধের আহ্বান জানানো হয়। গতকাল অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যেসব এলাকা বন্যা কবলিত সেখানে দ্রুত ত্রাণ পৌঁছানোর সুপারিশ করা হয়েছে।