কারখানা চালু করতে ঋণ চান তোবার মালিক
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৪, ২২:৪৩
কারখানা চালু করতে স্বল্প সুদে ৩০ কোটি টাকা ঋণ চেয়েছেন তোবা গ্রুপের মালিক দেলোয়ার হোসেন। তাজরীন অগ্নিকাণ্ডের ফলে বীমা কোম্পানির কাছ থেকে প্রাপ্য ১৮ কোটি টাকাও দাবি করেন তিনি। ঋণ না পেলে এসব কারখানা আর চালু করা যাবে না বলে জানিয়েছেন তিনি। গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, আমার সব শেষ হয়ে গেছে। বিক্রি করার মত আর কোন সম্পত্তি নেই। স্বল্প সুদে ঋণ পেলে প্রতিষ্ঠানগুলো আবার সচল করে ৬ হাজার লোকের কর্মসংস্থান করতে চাই।
শ্রমিকদের বেতন পরিশোধ না করে দেশব্যাপী আলোচনা সৃষ্টি করে তোবা গ্রুপ। ঈদের পর কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে এলেন দেলোয়ার। সাংবাদিক সম্মেলনে দেলোয়ার ৫টি কারখানা বন্ধ করে দেয়ার কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, কারখানা বন্ধ করে দেয়া ছাড়া কোন রাস্তা ছিল না।