সীমান্তে হত্যা বন্ধ হবে কবে : বিজিবি

সীমান্তে বিএসএফের হাতে বেসামরিক বাংলাদেশিদের হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিটি আলোচনায় এ বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপিত করা হবে। সীমান্তে ফেলানী হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচার চায় বাংলাদেশ। ভারত সীমান্ত হত্যা শূন্য পর্যায়ে নিয়ে আসার ব্যাপারে বারবার বাংলাদেশকে আশ্বাস দেয়ার পর এখনো সীমান্তে হত্যা ঘটছে কেন ? ভারতের রাজধানী নয়াদিল্লীতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনের চতুর্থ দিনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এসব বিষয় উত্থাপন করেন। সম্মেলনে বিজিবি’র মহাপরিচালকের প্রশ্নের প্রেক্ষিতে বিএসএফ মহাপরিচালক ডিকে পাঠক বলেন, ‘হত্যাকাণ্ডের সংখ্যা অনেক কমে এসেছে। আমরা সীমান্ত ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে পরিস্থিতি আরো ভাল করার চেষ্টা করছি।’ তিনি বলেন, ‘কাউকে গুলি করা হয় না। যখন নিয়ন্ত্রণ করা যায় না তখনই বাধ্য হয়ে গুলি করা হয়।’ সম্মেলনে বিএসএফ মহাপরিচালক বলেন, ‘ফেলানী হত্যার পুনঃবিচারের কাজ চলছে । সাক্ষ্য জোগাড় করা একটু সময় সাপেক্ষ, তাই বিলম্ব হচ্ছে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, ফেলানী হত্যার ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ বিচার হবে।’