ঘুরিয়ে ফিরিয়ে একই মুখ দেখতে হচ্ছে দর্শকদের
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৪, ১৯:২৩
জাকারিয়া সৌখিন। একাধারে সাংবাদিক, নাট্যকার ও নির্মাতা। মেধাবী এই সৃজনশীল মানুষটি বর্তমানে নাটক নির্মাণে আসক্ত হয়েছেন। একাধিক চ্যানেলের অবস্থান, নাটকের বর্তমান অবস্থা ও প্রেক্ষিত নিয়ে কথা বলেছেন বিনোদন প্রতিদিনের সাথে। সাক্ষাত্কার নিয়েছেন দিব্যজোতি
আপনি চিত্রনাট্যকার থেকে নির্মাণে এলেন। তো এই কাজটা কি অনেকখানি চ্যালেঞ্জিং মনে হচ্ছে না?
সব কাজই চ্যালেঞ্জিং। একজন নির্মাতা দেখবেন, কোন গল্প নিয়ে কাজে তার সুবিধা হয়, কোন গল্পে তিনি দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবেন। গল্প পছন্দ হলে আর কোনো সমস্যা থাকার কথা নয়।
একসময় দেখা যেত কোনো নির্দিষ্ট তারকার জন্য দর্শক টিভির সামনে বসতেন। এখন কি এমন কোনো তারকা আছে বলে মনে করেন?
কেন থাকবে না! এ রকম তারকা এখনো আছেন। আসলে তখন চ্যানেল বলতে শুধু বিটিভি ছিল। কিন্তু এখন অনেক চ্যানেল। দর্শকেরাও ভাগ হয়ে গেছেন। কিন্তু এখনো অনেকে খুব ভালো কাজ করছেন।
মানুষ কিন্তু সেভাবে এখন নাটক দেখছে না।
এটা অনেক কারণেই হয়েছে। চ্যানেল বৃদ্ধির সাথে সাথে নাটকও বেড়েছে। কিন্তু সে তুলনায় প্রতিভাবান অভিনেতা, নাট্যকার বাড়েনি। মানসম্মত গল্পের সংখ্যা বাড়েনি। আর ঘুরিয়ে ফিরিয়ে একই মুখ দেখতে হচ্ছে দর্শকদের। এখনো অনেক ভালো ভালো গল্প নিয়ে কাজ হচ্ছে। কিন্তু সংখ্যায় হয়তো একটু কম।
বিভিন্ন রিয়েলিটি শোয়ের মাধ্যমে অনেক অভিনেতা-অভিনেত্রী উঠে আসেন। নির্মাতাদের জন্য কিন্তু এমন প্লাটফর্ম নেই।
আসলে পৃথিবীর কোনোখানেই নির্মাতাদের জন্য কোনো প্লাটফর্ম নেই। নির্মাতারা তাদের নিজ যোগ্যতায় নিজেদেরকে প্রমাণ করে তবেই এই অঙ্গনে জায়গা করে নেন। আমি মনে করি এটাই নির্মাতাদের জন্য শ্রেষ্ঠ পন্থা। নির্মাতাদের কোনো প্লাটফর্মের প্রয়োজন নেই।
চ্যানেলগুলোতে এত এত অনুষ্ঠান। নাটকের সাথে সাথে রয়েছে টক শো, নিউজ, রিয়েলিটি শোসহ নানা অনুষ্ঠান। এদের মধ্যে নাটকের অবস্থান কীভাবে বিচার করবেন?
অবশ্যই ভালো। আর যেসব অনুষ্ঠানের কথা বললেন, যেমন টক শোয়ের কথাই বলি। টক শোতে ঘুরে ফিরে সেই একই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে। একই জিনিস বারবার আসছে। সেক্ষেত্রে নাটকের ভিন্নতা অনেক। আর এরজন্যই আমি নাটককে বেশ এগিয়ে রাখব।
চ্যানেলের সাথে সাথে নাটকও বেড়েছে। কোন বিষয়গুলো বিবেচনা করে চ্যানেলগুলো নাটক নিয়ে থাকে?
নাটক নেওয়ার ক্ষেত্রে চ্যানেলগুলো কিছু বিষয় বিবেচনা করে থাকে। আর্টিস্ট, পরিচালক, নাটকটির গল্প সাধারণত এসবের উপর ভিত্তি করেই চ্যানেলগুলো নাটক নিয়ে থাকে।