কেমন গজব
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৪, ২০:০৯
বানের জলে ভেসেই গেলো দখিন পাড়ার রজব,
কেউ বা বলে, দেশটি জুড়ে নাজিল হলো গজব।
এই গজবে কেবল মরে ইজ্জত আলী চৌকিদার,
ভাসিয়ে নিলো তেনাতুনা-বালিশ-কাঁথা-চৌকি তার।
এই গজবে কেবল মরে খড়মপুরের নুরুদ্দীন,
তার নিয়েছে খেতের ফসল খুদের হাঁড়ি মুড়ির টিন।
নিম্নভূমি ভাসানটেক
সেথায় মরে হাসান শেখ।
এই গজবে সে মরে না যেজন চোরা কারবারি,
ঐ দেখো না কেমন বিশাল আকাশ ছোঁয়া তার বাড়ি।
মরে না সে যেজন করে কেবল কালোবাজারি,
সে সমাজের মধ্যমণি ভাবখানা তার রাজারই।
যে করেছে রিলিফ চুরি দিব্বি আছে সেই তো,
এই গজবে সে মরে না শাসন-বাধা নেই তো।
কেমন গজব বল্ না
কারণ খুঁজি চল্ না।