পুনর্পাঠ
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৪, ২০:০৯
কাল বিকেলে বাথরুমে গিয়ে হঠাত্ একটা খুব ছোট্ট গল্প পেয়ে গেলাম। ওখানে যে তোয়ালেটায় রোজ হাত মুছি সেটা কথা কয়ে উঠল।
‘আপনি রোজ রোজ আমাকে এভাবে ময়লা করে দেন, লজ্জা করে না আপনার?’
আমি একটু অবাক হয়ে গেলাম।
তারপর বললাম, ‘গায়ের ময়লা মোছার জন্যেই তো তোমাকে কিনেছি। তোমাকে দিয়ে আর কী করব?’
‘কিন্তু আমারও তো একটা সত্তা আছে, সেটাকে বার বার ময়লা করে দেওয়া কি আপনার উচিত?’
‘মাঝে মাঝে তোমাকে তো ধোপার বাড়িতে কাচিয়ে পরিষ্কারও করাই।’
‘ধোপার বাড়িতে গিয়ে তাদের ভাটিতে যে নরকযন্ত্রণা সহ্য করি তা কি আপনি জানেন না?’
‘জানি। কিন্তু আমি নিরুপায়। আমাকে তোয়ালে একটা রাখতেই হবে। সেইজন্যেই তোমাকে আমি বাজার থেকে কিনে এনেছি—’
‘আপনি আমার মনিব, আমি আপনার ক্রীতদাস তা জানি— সেইজন্যই আমার অন্তর্দাহ আরো বেশি—’
‘তা এর জন্যে কী করছ তুমি?’
‘শক্তি সংগ্রহ করছি, আর ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছি—’
‘কী প্রার্থনা—’
‘যাতে আমি আপনার মনিব হই, আর আপনি আমার তোয়ালে হয়ে যান—’