দোনেেস্ক আটক সেনাদের দিয়ে প্যারেড বিচ্ছিন্নতাবাদীদের

ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে পূর্ব দোনেেস্ক অনেক মানুষের সামনে আটককৃত অসংখ্য সেনাকে দিয়ে প্যারেড করিয়েছেন রাশিয়াপন্থি বিদ্রোহীরা। এদিকে দিবসটি উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো সেনাবাহিনীকে ঢেলে সাজানোর কথা ঘোষণা করার পর বিদ্রোহীরা ঐ পদক্ষেপ নেয়। এদিন শহরের কেন্দ্রীয় লেনিন চত্বরে আটক সেনাদের প্যারেড দেখতে হাজার হাজার মানুষ জমায়েত হয়। এসময় তারা সৈন্যদেরকে লক্ষ্য করে ‘ফ্যাসিস্ট’ এবং ‘ গাছের সাথে ঝুলিয়ে দেয়া হোক’ ইত্যাদি শ্লোগান দিতে থাকে। এছাড়া সৈন্যদের ওপর আবর্জনা ও খালি বোতল ছুঁড়ে মেরে তাদেরকে উপহাস ও বিদ্রূপ করে সেখানে দেখতে আসা দর্শনার্থীরা। তবে এ ঘটনাকে উস্কানিমূলক বলে আখ্যায়িত করেছে হিউম্যান রাইটস ওয়াচ। তারা জানিয়েছে, এটা ছিল বন্দিদের সঙ্গে অবমাননাকর ও মর্যাদাহানিকর একটি আচরণ, যা পুরোপুরি জেনেভা কনভেনশনের পরিপন্থি। এদিকে বিদ্রোহীদের সাথে লড়াই করতে সেনাবাহিনীকে পুনরায় সজ্জিত করতে ৩ বিলিয়ন ডলার দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এই ঘটনার পর পরই বিদ্রোহীরা ঐ পদক্ষেপ নেয়।