সিরিয়ায় বিমানঘাঁটি দখল করেছে ইসলামিক স্টেট

সিরিয়ার গুরুত্বপূর্ণ তাবকা বিমান ঘাঁটি গত রবিবার দখল করে নিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বিমান ঘাঁটি দখলকে কেন্দ্র করে সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ে গত কয়েক দিনে উভয় পক্ষের পাঁচশরও বেশি যোদ্ধা নিহত হয়েছে। এদিকে, সিরিয়ায় দুই বছর আগে জঙ্গিদের হাতে অপহূত মার্কিন সাংবাদিক থিও কার্টিস মুক্তি পেয়েছেন। রাক্কা প্রদেশের তাবকা বিমান ঘাঁটিটি সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সরকারি বাহিনীর একটি গুরুত্বপূর্ণ শক্তিকেন্দ্র ছিল। এটি ওই অঞ্চলের সবচেয়ে সমৃদ্ধ বিমান ঘাঁটি যেখানে বেশ কয়েকটি যুদ্ধবিমান, হেলিকপ্টার, ট্যাংকসহ অন্য সাঁজোয়া যান রয়েছে। এখান থেকে বিদ্রোহীদের অবস্থানের উপর বিমান হামলা চালাত সরকারি বাহিনী। ঘাঁটিটির দখল নিয়ে গত কয়েকদিন ধরে চলা লড়াইয়ে দু’পক্ষের কয়েকশ’ যোদ্ধা নিহত হয়েছেন বলে সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে। বিমান ঘাঁটির দখল নিয়ে লড়াইয়ে হতাহতের প্রকৃত সংখ্যা সম্পর্কে নিশ্চিত না হওয়া গেলেও সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, পাঁচশরও বেশি যোদ্ধা নিহত হয়েছে। নিহতদের মধ্যে ইসলামিক স্টেটের কমপক্ষে ৩৪৬ জন ও সরকারি বাহিনীর ১৭০ জন রয়েছে। রবিবার প্রচণ্ড যুদ্ধের পর সেখানে বেশ কয়েকজন সেনাসদস্যের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে বলেও জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘের হিসাব মতে, তিন বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে এবছরের এপ্রিল পর্যন্ত ১,৯১,০০০ মানুষ নিহত হয়েছে। এদিকে, সিরিয়ায় দুই বছর আগে জঙ্গিগোষ্ঠীর হাতে অপহূত মার্কিন সাংবাদিক থিও কার্টিসকে ছেড়ে দেয়া হয়েছে। ২০১২ সাল থেকে নিখোঁজ ওই সাংবাদিক কাতারের মধ্যস্থতায় মুক্তি পেয়েছেন বলে জানা গেছে। রবিবার গোলান উপত্যকার আল-রাফিদ গ্রামে কার্টিসকে জাতিসংঘ শান্তিরক্ষীদের কাছে তুলে দেয়া হয়। স্বাস্থ্য পরীক্ষার পর তাকে মার্কিন সরকারের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। কার্টিসের মুক্তির ঘটনাকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।