ইসরাইলের ড্রোন
ভূপাতিত করার
দাবি ইরানের
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৪, ২০:৫৩
ইরান নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের কাছে ইসরাইলের একটি চালকবিহীন বিমান (ড্রোন) গুলি করে ভূপাতিত করেছে বলে জানিয়েছে। ইরানের দ্য রেভল্যুশনারি গার্ড বলেছে, রাজধানী তেহরান থেকে ৩শ’ কিলোমিটার দূরের ওই জায়গায় স্টিলথ ড্রোন দেখামাত্র ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তারা। বিবিসি এ খবর জানিয়েছে। ড্রোনটিকে কখন গুলি করা হয়েছে এবং এটি যে ইসরাইলের ড্রোন তা কিভাবে জানা গেল সে ব্যাপারে বিবৃতিতে কিছু জানায়নি রেভল্যুশনারি গার্ডরা। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বের ৬ শক্তিধর দেশের সঙ্গে তেহরানের আলোচনা প্রক্রিয়া চলছে। পশ্চিমা বিশ্বের ধারণা, ইরান বেসামরিক পারমাণবিক কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। তবে ইরান বরাবরই বলে আসছে যে, তাদের বিদ্যুত্ উত্পাদনের মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পারমাণবিক কর্মসূচি পরিচালনা করছে।
ইসরাইল অতীতে বেশ কয়েকবার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়ে এসেছে। নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রটি ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এ কেন্দ্রে ১৬ হাজারেরও বেশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যন্ত্র সেন্ট্রিফিউজ আছে।