বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কার কাজে ধীরগতি

সিলেটের বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। ঝুঁকি নিয়ে এ সড়কে যানবাহন চলাচল করছে। সড়কে গর্তের ফলে মানুষ সঠিক সময়ে গন্তব্যে যেতে পারছে না। ২/৩ বছর ধরে চান্দশির কাপন থেকে জগন্নাথপুর সীমান্তবর্তী আটঘর পর্যন্ত প্রায় ১৫কিলোমিটার সড়কের এ অবস্থা সৃষ্টি হয়েছে। কয়েক মাস পূর্বে প্রায় পাঁচ কোটি টাকা এ সড়ক সংস্কারের জন্য বরাদ্দ দেয়া হয়। টেন্ডারে কাজটি পায় মেসার্স তৈয়বুর রহমান ও জেবি এমএম ইঞ্জিনিয়ারিং নামের দু’টি ঠিকাদারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো কাজ পাওয়ার তিন মাস পূর্বে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের সংস্কার কাজ শুরু করেন। কিন্তু তিন মাসে উপজেলার কালিগঞ্জ বাজারের পূর্বে মাত্র ২৩৫মিটার কাজ করা হয়েছে। বর্তমানে এ কাজ বন্ধ রয়েছে। এ রাস্তার সংস্কার কাজ ধীরগতিতে হওয়ায় জনসাধারণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বাস চালক ছাদিকুর রহমান বলেন, জীবিকার তাগিদে গাড়ি নিয়ে এ সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। অনেক সময় গাড়ির চাকা গর্তে পড়ে বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। তবে সড়ক কাজের তদারকি কর্মকর্তা এস ও মুকলেছুর রহমান বলেন, বৃষ্টির জন্য সড়ক সংস্কার কাজ করা সম্ভব হচ্ছে না। বৃষ্টি থেমে গেলে কাজ শুরু করা হবে। উপজেলার প্রকৌশলী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, টেন্ডারের মাধ্যমে প্রায় পাঁচ কোটি টাকায় সড়ক সংস্কারের কাজটি দু’টি ঠিকাদারী প্রতিষ্ঠান দেয়া হয়েছে। কাজ চলছে বলে তিনি জানান।