নানা সংকটে ফজিলা রহমান মহিলা কলেজ

নানা সংকটে হিমশিম খাচ্ছে পিরোজপুরের স্বরূপকাঠির ফজিলা রহমান মহিলা কলেজটি। শ্রেণিকক্ষের সমস্যা প্রকট। নেই কোন প্রশাসনিক ভবন। নানা সমস্যার মধ্যে এ অঞ্চলের শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রাখছে এ শিক্ষা প্রতিষ্ঠানটি। ২০১০ ও ২০১৩ সালে কলেজটিতে যথাক্রমে ডিগ্রি ও এইচএসসি (বিএম) কোর্স খোলা হয়। দীর্ঘদিন অতিবাহিত হলে ডিগ্রি ও কারিগরি শাখায় নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীরা অদ্যবধি এমপিওভুক্ত হয়নি। ১৯৮৯ সনে এ কলেজটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রায় ৯’শ ছাত্রী অধ্যায়ন করছে এ কলেজে। আধুনিক এ যুগেও টিনসেড কাঠের ঘরে চলছে পাঠদান কার্যক্রম। শ্রেণিকক্ষের সমস্যার কারণে ছাত্রীদের ঠাসাঠাসি করে ক্লাস করতে হয়। কখনো কখনো দাঁড়িয়েও ক্লাস করতে হয় ছাত্রীদের। ছাত্রীনিবাস না থাকায় ১৯৯৪ সনে তত্কালীন জোট সরকারের আমলে নির্মিত তিনতলা একাডেমিক ভবনটি ছাত্রীনিবাস হিসেবে ব্যবহূত হচ্ছে। দূর-দূরান্তের প্রায় ৫০/৫৫ জন ছাত্রী হোষ্টেলে থেকে লেখাপড়া করছে। প্রায় ২০ বছর পূর্বে ঐ তিনতলা ভবনটি নির্মিত হলেও সংস্কারের অভাবে ভবনটির বিভিন্ন স্থানের প্লাষ্টার খসে পড়ে ইট বের হয়ে গেছে। অনেক স্থানে ফ্লোর দেবে গেছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। পুরো বর্ষা মৌসুম কলেজের মাঠটি ডুবে থাকে পানিতে। কলেজটির চারপাশে টিন দিয়ে ঘেরা থাকলেও প্রতিষ্ঠার দু’যুগ পেরিয়ে গেলেও নির্মিত হয়নি বাউন্ডারি ওয়াল। কলেজের অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন বলেন, একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বার বার তাগিদ দেয়া হয়েছে। একই সঙ্গে ড্রেন, বাউন্ডারি ওয়াল নির্মাণসহ তিনতলা ভবনটি সংস্কারে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি তিনি জোর দাবি জানান।