উখিয়ায় বনবিট অফিস উদ্ধার
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৪, ২১:০০
দীর্ঘদিন যাবত্ জবর দখলে থাকা উখিয়ার ওয়ালা বনবিট অফিস অবশেষে উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার উখিয়া পুলিশের সহযোগীতায় বনকর্মীরা যৌথ অভিযান চালিয়ে ওয়ালা বনবিট অফিসের অবৈধ স্থাপনা ও জবর দখলকারীদের রোপণ করা বিভিন্ন গাছ-গাছালি কর্তন করে প্রায় ২ একর বনভূমি উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উখিয়া সদর বনরেঞ্জ কর্মকর্তা মো:ইব্রাহিম জানান, স্থানীয় কিছু অবৈধ জবর দখলকারী চক্র ওয়ালা বনবিট অফিসের জায়গা জবর দখলের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। তিনি জানান, এসব অবৈধ দখলকারীদের বার বার তাগিদ দেয়া সত্ত্বেও তারা দখল ছাড়েনি। অবৈধ স্থাপনা উচ্ছেদ করার সময় কতিপয় জবর দখলকারী জড়ো হয়ে বাধা দেয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ মারমুখী অবস্থা নিলে তারা ঘটনাস্থল ত্যাগ করে।