শ্রীমঙ্গলে দুইজনসহ পৃথক ঘটনায় ছয়জনের মৃত্যু
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৪, ২১:০২
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজনসহ বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ছয়জনের মৃত্যুর খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজার এলাকায় গতকাল সোমবার মিনিবাস রাস্তার উপর উল্টে গিয়ে দুইজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, নীলা বেগম (১৪) ও অজ্ঞাত পরিচয় এক মহিলা। নিহত নীলা ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। আহতদের মধ্যে চারজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘিওরে শিশুর মৃত্যু
মানিকগঞ্জের ঘিওর উপজেলার ফায়ার সার্ভিস এলাকায় গত রবিবার সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় টেম্পুর চাপায় রিফাত (৭) নামে এক শিশু মারা গেছে। সে ঘিওর উপজেলার মাস্টার পাড়ার আমজাদ হোসেনের ছেলে।
নাচোলে যুবকের আত্মহত্যা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গত রবিবার গভীর রাতে গলায় ফাঁস দিয়ে জাহাঈীর আলম (২২) নামে এক যুবক আত্মহত্যা করেন। ঘটনার দিন রাতে স্বামী স্ত্রী ঘুমিয়ে গেলে সোমবার খুব ভোরে তাকে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
মিঠাপুকুরে যুবকের আত্মহত্যা
রংপুরের মিঠাপুকুর উপজেলার নিশ্চিন্তপুর বানিয়াপাড়া গ্রাম থেকে গতকাল সোমবার রাফিউল (১৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মিঠাপুকুর থানার ওসি রবিউল আলম জানান, ঢাকায় যেতে না দেয়ার কারণে মায়ের সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
মাদারীপুরে বিদ্যুত্স্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
মাদারীপুর সদর উপজেলার খাগদি বাজারে গতকাল সোমবার বিদ্যুতের তারে জড়িয়ে মোফাজ্জল মৃধা (৫৬) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। রবিবার বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তার পাশে খাদে পড়ে থাকে। ঘটনার দিন তার তুলতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে তিনি মারা যান।