শ্রীপুরে গৃহবধূসহ বিভিন্ন স্থানে ৫ খুন

গাজীপুরের শ্রীপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে গলা কেটে হত্যাসহ বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় পাঁচজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। শ্রীপুরে গৃহবধূকে গলা কেটে হত্যা গাজীপুরের শ্রীপুর উপজেলার শৈলাট পূর্বপাড়া গ্রামে গতকাল সোমবার ভোর ৫টায় পারভীন আক্তার (৩০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে স্বামী ফজলুল হক। এ সময় মেয়েকে রক্ষা করতে গিয়ে মা আনোয়ারা বেগম (৫০) জামাইয়ের বটির আঘাতে আহত হন। পুলিশ জানায়, ফজলুল হক ব্যবসার কথা বলে বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে। পরে পরিশোধ করতে ব্যর্থ হয়। ঋণের টাকা পরিশোধ করার জন্য শ্বশুর হাজী হোসেন আলীকে জমি বিক্রি করে টাকা দেয়ার জন্য চাপ সৃষ্টি করে। শ্বশুর টাকা না দেয়ায় দীর্ঘদিন ধরে ফজলুল হকের সাথে শ্বশুর বাড়ির লোকদের বিরোধ চলে আসছিল। টাকা না পাওয়ার ক্ষোভে সোমবার ভোরে ফজলুল হক তার স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে ও পরে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে। ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছে। মাধবপুরে বৃদ্ধা খুন হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিবজয়নগর গ্রামে গতকাল সোমবার দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে দুবরাজ ভানু (৫০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এসময় আরো ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রুবেল মিয়া, নাসির মিয়া, দীনা বেগম, আনাই মিয়া ও হেলেনা বেগমকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, দুবরাজ ভানুর সঙ্গে জমি নিয়ে তার ভাই সৈয়দ মিয়ার ছেলে হিরা মিয়ার বিরোধ চলছিল। এর জের ধরে সংঘর্ষে ঘটনাস্থলেই দুবরাজ নিহত হন। মহেশখালীতে স্বামীর নির্যাতনে গৃহবধূ খুন কক্সবাজারের মহেশখালী উপজেলার পদ্মা পুকুরপাড়ের পালপাড়া গ্রামে গত রবিবার রাত ১১টায় স্বামীর নির্যাতনে পুরুবী পাল (২৩) নামে এক অন্ত:সত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। মহেশখালী থানার ওসি আলমগীর হোসেন জানান, লাশের গলায় ফাঁসির চিহ্ন রয়েছে। মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পর সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে। দৌলতপুরে সন্ত্রাসীর লাশ উদ্ধার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেহালা হাফেজের ঘোনা এলাকা থেকে গতকাল সোমবার সকালে শহিদুল ইসলাম ওরফে খইদা (৪৫) নামে এক ডাকাত সর্দারের লাশ উদ্ধার করেছে পুলিশ। দৌলতপুর থানার ওসি এনামুল হক জানান, নিহত শহিদুলের মাথায় ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার বিরুদ্ধে দৌলতপুর, মেহেরপুর ও গাংনী থানায় ডাকাতি, ছিনতাইসহ ১০টি মামলা রয়েছে। পাবনায় যুবলীগ নেতার লাশ উদ্ধার নিখোঁজের দু’দিন পর চাটমোহরের শরত্গঞ্জ এলাকা থেকে গতকাল সোমবার সকালে অসিত কুমার ভদ্র (৪০) নামে এক ব্যবসায়ী ও যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। সে গত শনিবার সন্ধ্যায় পাবনা শহরের শালগাড়ীয়ার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। তিনি জেলা যুবলীগের সহ-ত্রাণবিষয়ক সম্পাদক ছিলেন। পুলিশ জানায়, ব্যবসায়িক আর্থিক লেনদেনের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে।