গৌরনদীর অপহূত স্কুলছাত্রী আশুগঞ্জে উদ্ধার

অপহরণের ২৯ দিন পর গৌরনদী উপজেলার সমরসিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। গতকাল সোমবার অপহূতাকে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার জন্য বরিশাল আদালত ও ডাক্তারী পরীক্ষার জন্য শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, উপজেলার আহম্মদকাঠী গ্রামের দিনমজুরের কন্যা প্রাইভেট পড়ার জন্য গত ২৬ জুলাই সকালে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে সমরসিংহ গ্রামের অহিদুল মৃধার নেতৃত্বে ৭/৮ জন তার পথরোধ করে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এ ঘটনায় অপহূতার পিতা বাদি হয়ে ৭ জনকে আসামি করে গৌরনদী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় গৌরনদী থানার উপ-পরিদর্শক খোকন চন্দ্র আশুগঞ্জ থানা পুলিশের সহায়তায় জহুরুল হক মুন্সী মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে অপহূতাকে উদ্ধার করে।