টেলিকম ও আর্থিক খাতে লেনদেন বেড়েছে

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৭০৭ কোটি টাকা। এর বড় অংশই হয়েছে টেলিকম, ব্যাংকিং খাত, ওষুধ ও জ্বালানি খাত ঘিরে। এছাড়া একদিনের ব্যবধানে ডিএসইতে আর্থিক খাতের কোম্পানিগুলোর শেয়ার লেনদেন দ্বিগুণ হয়েছে। রবিবার ডিএসইতে এ খাতের ২৩টি কোম্পানির ২৩ কোটি ৪৩ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সোমবার হয়েছে ৪৭ কোটি ১২ লাখ ৮৯ হাজার টাকা। আর্থিক খাতের ২৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৯টির, কমেছে ৩টি এবং দর অপরিবর্তিত রয়েছে ১টি কোম্পানির। সবচেয়ে বেশি অর্থাত্ ৪.৭০ টাকা দর বেড়েছে ডিবিএইচের। এছাড়া উত্তরা ফাইন্যান্সের ৩.৭০ টাকা, আইডিএলসি ২.৩০ টাকা এবং বে-লিজিংয়ের ২.২০ টাকা। আর ব্যাংকিং খাতের ৩০ কোম্পানির মোট ৩৪ কোটি ৯৯ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭০৭ কোটি ৩০ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৩০ কোটি ৮৭ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৯৫টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৫৫টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৫৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৫০ কোটি ৯৩ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ২ কোটি ৫১ লাখ টাকা কম। লেনদেনকৃত ২২৪টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ারের। ডিএসইসূত্রে জানা গেছে, এদিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ দেয়নি। তাই আজ মঙ্গলবার থেকে জেড ক্যাটাগরিতে লেনদেন হবে কোম্পানিটির। পাশাপাশি কোনো মার্জিন ঋণও পাবে না প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। সূত্রমতে, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ সেপ্টেম্বর। এছাড়া আগামী ১৬ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। ডিএসইসূত্রে জানা গেছে, অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেড। এর আগে বিডিকম অনলাইন লিমিটেডের কাছে দর বাড়ার কারণ জানতে চায় স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। এর জবাবে গতকাল সোমবার দর বাড়ার পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। পর্যবেক্ষণে দেখা গেছে, গত ৩ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ২.৩০ টাকা।