নার্সিং কলেজ প্রতিষ্ঠায় ১০ কোটি টাকা দিচ্ছে জনতা ব্যাংক

দেশে উন্নত মানের নার্সিং কলেজ প্রতিষ্ঠায় ১০ কোটি টাকার অনুদান দিচ্ছে রাষ্ট্রীয় মালিকানার জনতা ব্যাংক। ব্যাংকটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় এ অর্থ দেয়া হচ্ছে। প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়েছে জনতা ব্যাংক-বারডেম ইব্রাহিম নার্সিং কলেজ। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. এ কে আজাদ খানের হাতে অনুদানের প্রতিকী চেক তুলে দেন। এর আগে নার্সিং কলেজ প্রতিষ্ঠার জন্য জনতা ব্যাংক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মধ্যে এক সমঝোতা স্বারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের উপ-ব্যাবস্থাপনা পরিচালক মো. ইফতিখার-উজ-জামান ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব সাইফ উদ্দিন নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।