ছিনতাই হওয়া ধান ভর্তি ট্রাক জীবননগরে উদ্ধার
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৪, ২১:০৪
ফরিদপুরের টেকেরহাট থেকে ছিনতাই হওয়া ধান বোঝাই ট্রাক জীবননগর থেকে উদ্ধার করা হয়েছে। এ সময়ে ট্রাক চালকসহ ছিনতাইকারীরা পালিয়ে যায়। পুলিশ ট্রাকসহ ছিনতাইকৃত ধান জব্দ করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় উপজেলার আন্দুলবাড়িয়া-অনন্তপুর সড়কে গুলনাহার এন্টারপ্রাইজের একটি ট্রাক থেকে তড়িঘড়ি করে ধান আনলোড করা হচ্ছিল। বিষয়টি সন্দেহ হলে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ রাত ৮টার সময় ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করে। ছিনতাইকৃত ট্রাকের ধান স্থানীয় বাজার কমিটির সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধুর হেফাজতে রাখা হয়।
ট্রাক মালিক রাজশাহী জেলার পুটিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের মাকসুদ হোসেন জানান, শনিবার ফরিদপুর টেকেরহাট থেকে ২৩০ বস্তা ধান লোড করে চালক কুষ্টিয়ার খাজা নগরের উদ্দেশে যাচ্ছিলো। পথিমধ্যে ধান বোঝাই ট্রাকটি ছিনতাইয়ের কবলে পড়ে।