স্বরূপকাঠি-পিরোজপুর সড়কের বেহাল দশা
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৪, ২১:০৪
স্বরূপকাঠি-পিরোজপুর সড়কের বেহাল অবস্থার মধ্যদিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে হাজার হাজার যাত্রী। সড়ক ও জনপথ বিভাগের ৩৭ কিলোমিটার গরিয়ারপাড়-স্বরূপকাঠি-নৈকাঠি-পিরোজপুর সড়কটি জেলা শহরের সাথে উপজেলাবাসীর সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম। গুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কারের অভাবে অধিকাংশ স্থানের কার্পেটিং উঠে গিয়ে খানা-খন্দকের সৃষ্টি হয়েছে। প্রতিদিন সড়ক দিয়ে বাস, টেম্পু, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে।
স্বরূপকাঠি উপজেলা পরিষদের সামনে থেকে গনমান, লক্ষণকাঠি থেকে সেহাংগল কাশিরবাজার পর্যন্ত সড়কের অবস্থা যান চলাচলের অযোগ্য। ওই সড়কটির সেহাংগল বাজার সংলগ্ন ব্রিজ ও নাপিতখালী ব্রিজ দু’টি ঝুঁকিপূর্ণ। সেহাংগল বাজার সংলগ্ন ব্রিজটির স্লাব ধসে যাওয়ায় স্টীলের প্লেট ফেলে জোড়াতালি দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় যানবাহন চলাচল করছে। ব্রিজের রেলিংগুলো বেশিরভাগই ভেঙে গেছে। এদিকে নাপিতখালী ব্রিজের একটি পিলার দেবে গেছে। উত্তর সেহাংগলে বেইলী ব্রিজের এপ্রোচের সড়কের অবস্থাও খারাপ।
পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল জানান, সড়কটি সংস্কারে পরিকল্পনা রয়েছে।