বালোতেল্লির আগমনে শঙ্কায় সাবেকরা

মারিও বালোতেল্লি এখনো আনুষ্ঠানিকভাবে যোগ দেননি লিভারপুলে। তবে নেতিবাচক ভাবমূর্তির এই খেলোয়াড়কে ঘিরে এরই মধ্যে শঙ্কা দানা বেঁধে উঠেছে লিভারপুল শিবিরে। তার আগমনে দলে বিভেদের সৃষ্টি হবে বলে আশংকা করছেন লিভারপুলের সাবেক তারকা গ্যারি ম্যাকঅ্যালিস্টার। ১৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইতালির ক্লাব এসি মিলান ছেড়ে ইংলিশ জায়ান্ট লিভারপুলে যোগ দেয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন বিতর্কিত স্ট্রাইকার বালোতেল্লি। অ্যানফিল্ডের এক সময়ের তারকা ম্যাকঅ্যালিস্টার মনে করেন বালোতেল্লির মত মেধাবী খেলোয়াড়ের বিপরীতে নির্ধারিত ট্রান্সফার ফির পরিমাণটা খুব বড় নয়। তবে তার আশংকার বিষয়টা হচ্ছে ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে। এর আগেও বালোতেল্লি ইংলিশ প্রিমিয়ার লীগে অংশগ্রহণ করেছেন ম্যানচেস্টার সিটির হয়ে। কিন্তু সব সময় তিনি নিজেকে বিতর্কের মধ্যে জড়িয়ে রাখতেন। শেষ পর্যন্ত বালোতেল্লিকে নিজ দেশ ইতালিতে ফেরত পাঠিয়ে পরিস্থিতি থেকে নিষ্কৃতি লাভ করে ম্যানসিটি। ২০১০ সালে দুই কোটি চল্লিশ লাখ পাউন্ডের বিনিময়ে ইন্টার মিলান থেকে বালোতেল্লিকে দলে ভিড়ানো সিটি তাকে বিক্রি করে দেয় এক কোটি ৯০ লাখ পাউন্ডে। যদিও সিটির হয়ে এই ইতালিয়ানের পারফরম্যান্স ছিল দারুণ। পাশাপাশি বর্ণিল চরিত্র এবং স্টাইলিশ জীবনাচারের কারণে তাকে ঘিরে সমর্থকদের মধ্যেও ছিল বাড়তি উচ্ছ্বাস। কিন্তু অনুশীলন মাঠে আর মাঠের বাইরে বালোতেল্লির অনিয়ন্ত্রিত জীবনে রাশ টানতে না পেরে শেষ পর্যন্ত তাকে ছেড়ে দিতে বাধ্য হন সিটির তখনকার কোচ রবার্তো মানচিনি। এবার লিভারপুলেও একই অবস্থা হবে বলে আশঙ্কা করছেন ম্যাকঅ্যালিস্টার। তিনি বলেন, ‘আমি অবশ্য নিশ্চিত করে বলতে পারছি না যে এমন হবে। এমনটি হতে পারে বলে আমি আশংকা করছি। একবার তার দলবদলের দিকে তাকান। (যোগ্যতা অনুয়ায়ী) তার আরো বড় দলে যাবার কথা। কিন্তু উল্টো তার ট্রান্সফার ফি ধীরে ধীরে কমতির দিকে নামছে। এখনকার সময়ে তার দলবদলের বিপরীতে যে অর্থ নির্ধারিত হয়েছে তা কোনভাবেই আদর্শ বলা যাবে না।’ লিভারপুলের হয়ে ৫টি শিরোপা জেতা এই ব্রিটিশ টক স্পোর্টসকে আরো বলেন বলেন, ‘তার আগমন দলের মধ্যে বিভেদ সৃষ্টি করবে। সে (খেলার জন্য) দারুণ সামর্থ্যবান। কিন্তু ব্রেন্ডান রজার্সের তত্ত্বাবধানে লিভারপুল দলটি এখন যথেষ্ট ঐক্যবদ্ধ। তবে শেষ পর্যন্ত হয়তো ড্রেসিংরুমে এই একতা বাধাগ্রস্ত হবে।’ শুধু দলীয় ঐক্যের ক্ষতিসাধন নয়, বালোতেল্লির অন্তর্ভুক্তি কোচের একাদশ নির্বাচনকেও বাধাগ্রস্ত করবে বলে মনে করছেন ম্যাকঅ্যালিস্টার। লুইস সুয়ারেজের পাশাপাশি গত মৌসুমে অল রেডসদের আক্রমণভাগ আলো করে রাখা আরেক স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজের ভূমিকাও প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করছেন তিনি। নিজের আশঙ্কা সম্পর্কে তিনি বলেন, ‘আমি জানি না লিভারপুলে কোন পজিশনে বালোতেল্লিকে খেলানো হবে। তাকে যদি আক্রমণভাগে খেলানো হয় তাহলে স্টুরিজকে সাইডলাইনে বসিয়ে রাখতে হবে। আমি জানি না তার মত তারকা খেলোয়াড় সেটি মেনে নেবেন কিনা। আবার বালোতেল্লিকেও বিকল্প খেলোয়াড়ের তালিকায় রাখাটা সমীচীন হবে না। এখন আক্রমণভাগের তিন থেকে চারজন খেলোয়াড়কে নিয়ে লিভারপুল কিভাবে একাদশ সাজায় সেটিই দেখার জন্য আমি অপেক্ষা করছি।’ বৃহস্পতিবার এসি মিলান ‘বদ মেজাজী’ বালোতেল্লির সানসিরো ছাড়ার কথা ঘোষণা করার পর থেকেই শুরু হয় তার ভবিষ্যত্ নিয়ে জল্পনা-কল্পনা। ২৪ বছর বয়সী এই ফুটবল তারকার অ্যানফিল্ডে আগমন নিয়ে মিলান ও লিভারপুলের মধ্যে একটি চুক্তি সম্পন্নের প্রক্রিয়া চলছে। এদিকে একাধিক ব্রিটিশ সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, মার্সেসাইড ক্লাবটি বালোতেল্লির এজেন্টের সঙ্গে বৃহস্পতিবার যে আলোচনা করেছে তার মধ্যে প্রধান ইস্যু ছিল লিভারপুলের নিয়ম-নীতি মানার ব্যাপারে তিনি পুরোপুরি একমত কিনা। এর আগে লুইস সুয়ারেজকে নিয়ে মাঠের বাইরের একাধিক বিতর্ক নিয়ে ব্যতিব্যস্ত থাকতে হয়েছে লিভারপুলের কোচ ব্রেন্ডান রজার্সকে। বাথরুমে আতশবাজি পোড়ানো থেকে শুরু করে যুবদলের একজন খেলোয়াড়ের দিকে সেটি ছুঁড়ে মারার মত বিভিন্ন ঘটনা ঘটিয়েছিলেন উরুগুয়ের ওই ফুটবল তারকা। তারই স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন আরেক বিতর্কিত ফুটবলার বালোতেল্লি। রজার্স এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, লিভারপুলে যদি কাউকে থাকতে হয় তাহলে ক্লাবের বিদ্যমান নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলতে হবে তাকে। বাসস/ ওয়েবসাইট