লা লিগায় প্রথম থাই খেলোয়াড় টেরাসিল
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৪, ২১:৩২
প্রথম থাই খেলোয়াড় হিসেবে স্প্যানিশ লীগে অভিষেক হয়েছে স্ট্রাইকার টেরাসিল ডাংডার। এসপানিওলের বিপক্ষে রবিবার আলমেরিয়ার হয়ে ৬৬ মিনিটে তিনি মাঠে নামলে নতুন এই রেকর্ড হয়। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। থাই প্রিমিয়ার লীগের দল মুয়াংথং ইউনাইটেড থেকে এক বছরের ধারে আলমেরিয়া ২৬ বছর বয়সী এই খেলোয়াড়কে দলভুক্ত করেছে। থাই গণমাধ্যমে গতকাল সোমবার টেরাসিল বলেন, বদলি বেঞ্চ থেকে যখন মাঠে নামি তখন দারুণ খুশী হয়েছিলাম। পুরো মাঠের পরিবেশই আমার মধ্যে অন্যরকম অনুভূতির জন্ম দিয়েছিল। এটা ভাষায় প্রকাশ করার মত নয়। এখনো বুঝতে পারছি না আমি আদৌ খুশী না উত্তেজিত ছিলাম, নাকি নার্ভাস ছিলাম। এটা আসলে এক মিশ্র অনুভূতি। মূলত আগে আমরা টেলিভিশনে যা উপভোগ করতাম সেটার স্বাদই আমি মাঠে নেমে পেয়েছি।
২০০৭ সালে ম্যানচেস্টার সিটিতেও তিনি ট্রায়াল দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে সেখানে কাজ করার অনুমতি না পাওয়ায় কোন ম্যাচ না খেলেই তাকে দেশে ফিরে আসতে হয়েছিল। এখন তিনি আলমেরিয়ার সাথে চুক্তি স্থায়ীকরণ প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছেন।