বাংলাদেশ-নেপাল প্রথম প্রস্তুতি ম্যাচ আজ আর্মি স্টেডিয়ামে

বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল আজ মঙ্গলবার বনানীর আর্মি স্টেডিয়ামে সফররত নেপাল অনূর্ধ্ব ২৩ দলের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে। বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে খেলাটি। বিটিভি ঢাকার পাশাপাশি ২৯ আগস্ট শুক্রবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচটিও সরাসরি সম্প্রচার করবে। আগামি মাসে কোরিয়ার ইঞ্চিয়নে অনুষ্ঠেয় ১৭তম এশিয়ান গেমস ফুটবলে অংশগ্রহণের প্রাক্কালে প্রস্তুতি জোরদার করতেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন ম্যাচ দুটি আয়োজন করেছে। বাফুফের আমন্ত্রণে নেপাল দল গতকাল সন্ধ্যায় ঢাকায় এসে পৌছায়। বাফুফে ভবন ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল থেকেই খেলাটির জন্য ২০ টাকা মূল্যের টিকেট বিক্রি শুরু হয়। সিলেটে অনুষ্ঠেয় খেলাটির টিকেট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে বলে জানানো হয়। প্রীতি ম্যাচ দুটির টাইটেল স্পন্সর হয়েছে এসএস স্টিলস। তারাই নেপাল দলকে আনাসহ ম্যাচ দুটির যাবতীয় ব্যয়ভার বহন করছে। বাংলাদেশ এশিয়ান গেমস ফুটবলে উজবেকিস্তানে, হংকং ও সাফ চ্যাম্পিয়ন আফগানিস্তানের সাথে একই গ্রুপে পড়েছে। ১২ সেপ্টেম্বর বাংলাদেশ কোরিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেবে বলে ধারণা করা হচ্ছে।