প্লটের মালিকানা হস্তান্তরের দাবিতে অবস্থান ধর্মঘট
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৪, ২১:৪৬
রাজধানীর মিরপুর-পল্লবী থানাধীন ডুইপ ও রূপনগর প্রকল্পে বরাদ্দকৃত প্লটের মালিকানা বুঝিয়ে দেয়ার দাবিতে প্লট মালিকরা অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন। একই দাবিতে তারা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ।
সোমবার সেগুনবাগিচাস্থ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলীর দপ্তরের সামনে মিরপুর-পল্লবী থানাধীন ডুইপ ও রূপনগর সম্প্রসারিত আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতির ব্যানারে তারা এ কর্মসূচি পালন করেন।
প্লট মালিকরা জানান, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ সরকারি, আধা-সরকারি, বেসরকারি কর্মকর্তা কর্মচারী ও স্বল্প আয়ের লোকদের জন্য সরকার এডিবি’র অর্থায়নে ১৯৮৬ ও ১৯৯৫ সালে যথাক্রমে ‘রূপনগর সম্প্রসারিত ২য় প্রকল্প’ ও ‘ঢাকা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের’ (ডুইপ) আওতায় মিরপুর ১১ নম্বর সেকশনে উন্মুক্ত লটারির মাধ্যমে আবাসিক প্লট বরাদ্দ দেয়া হয়। ১৯৯৪ ও ১৯৯৬ সালে বরাদ্দপ্রাপ্তগণকে মূল বরাদ্দপত্র হস্তান্তর করা হয়। সরকারের শর্ত পূরণ করার পরও ৫৪১টি প্লটের দখল বুঝিয়ে দেয়া হয়নি। প্লটের মালিকানা বুঝিয়ে না দেয়ায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেন। ঐ সমস্ত প্লটে অবৈধ দখলদার ও তাদের মদদপুষ্ট সন্ত্রাসীরা অবস্থান করে অসামাজিক ও রাষ্ট্রদ্রোহী কার্যকলাপে লিপ্ত বলেও তারা দাবি করেন। প্লটের মালিকানা বুঝিয়ে দিতে তারা সরকারের প্রতি সুদৃষ্টি কামনা করেন।