৩১ আগস্ট পর্যন্ত সময় পাচ্ছে আওয়ামী লীগসহ ১৪ দল

আইনানুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিতে ব্যর্থ ১৪টি রাজনৈতিক দলকে ৩১ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে নির্বাচন কমিশন। রবিবার নির্বাচন কমিশনে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে অনলাইনে নতুন ভোটার নিবন্ধন ও পরিচয়পত্র সংশোধনের সুযোগ দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে বিধিমালা সংশোধনের প্রস্তাব আরো যাচাই-বাছাই করে দেখার সিদ্ধান্ত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে হিসাব জমা দিতে ব্যর্থ ১৪টি দলের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও দশম সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিও রয়েছে। ইসির নিবন্ধিত ৪১টি দলের ২৫টি নির্ধারিত সময়ের মধ্যে হিসাব জমা দেয়। ১২টি দল সময় চেয়েছিল। এর মধ্যে বিএনপি ব্যয়ের হিসাব জমা দিয়েছে। হিসাব জমা দেয়া দলের সংখ্যা এখন ২৬টি। তিনটি দল হিসাবও দেয়নি, সময় বাড়ানোর কোন আবেদনও জানায়নি। এই দলগুলো হলো-ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, গণফ্রন্ট ও ন্যাশনাল পিপলস পার্টি। হাইকোর্টের আদেশে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হওয়ায় দলটির হিসাব জমা দেয়া লাগবে না। অনলাইনে নিবন্ধন ও সংশোধন প্রতি বছর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকায় নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্তির নানা সীমাবদ্ধতার কথা চিন্তা করে নতুন ভোটার নিবন্ধন ও সংশোধন অনলাইনের মাধ্যমে করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি। এব্যাপারে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অণুবিভাগ (এনআইডি) একটি সফটওয়্যারও তৈরি করেছে।