রাজশাহীতে রেলওয়ে পুলিশের ওপর মোটর শ্রমিকদের হামলা

রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা চালিয়ে রেলওয়ে পুলিশসহ (জিআরপি) ৭ নিরাপত্তা কর্মীকে পিটিয়ে জখম করেছে মোটর শ্রমিকরা। গতকাল সোমবার সকালে এ হামলার ঘটনা ঘটে। আহতদের রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা এসময় রেলওয়ে পুলিশের রাইফেল ছিনতাইয়ের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। রাজশাহী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, সকালে স্থানীয় কয়েক যুবকের সঙ্গে মোটর শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা স্টেশনে হামলা চালায়। তারা পুলিশের অস্ত্র কেড়ে নেয়ার চেষ্টা করে। জিআরপি থানার কনস্টেবল জহির জানান, রবিবার রাতে কয়েকজন মাদকাসক্ত যুবক প্ল্যাটফর্মে মাদক গ্রহণ করছিলো। নিরাপত্তা কর্মী কাউসার আলম তাদের অন্যত্র যেতে বলার জের ধরে রাতে কথা কাটাকাটি হয় এবং সকালে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নেতা ইস্রাফিলের নেতৃত্বে ৩০/৩৫ যুবক লোহার রড় ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রেলওয়ে স্টেশনে হামলা ও ভাংচুর চালায়। হামলায় জিআরপির উপ-পরিদর্শক সাহাবুল, হাসিবুল, কনস্টেবল বাদশা মিয়া ও রোকনুজ্জামান আহত হন। তবে মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি দাবি করেন এ ঘটনার সাথে সংগঠনটির কেউ জড়িত নয়।