ইমরান খান ফের বিয়ে করবেন যদি...
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৪, ২২:৪৫
ক্রিকেটে বিশ্ব জোড়া খ্যাতি তার। কিন্তু সেই খ্যাতি এখন পরিবর্তিত হয়েছে। তিনি এখন পুরোদস্তুর তারকা রাজনীতিবিদ। পাকিস্তানের বর্তমান সরকারকে হটাতে রাজনৈতিক আন্দোলনের মধ্যমনি তারকা ইমরান খান। তিনি বর্তমান গণতান্ত্রিক সরকারকে সরাতে প্রতিজ্ঞ। এই রাজনৈতিক আন্দোলনের মধ্যে তিনি একটি নতুন খবর দিয়েছেন। তা হলো-তিনি কেবল তখনই দ্বিতীয়বার বিয়ে করবেন যখন বর্তমান পাকিস্তান ‘নয়া পাকিস্তানে’ পরিণত হবে। অর্থাত্ নওয়াজ শরিফকে পদত্যাগ করতে বাধ্য করতে পারবেন। রবিবার রাতে ইমরান এই ঘোষণা দেন।
পাকিস্তানের পার্লামেন্টের ১২টি রাজনৈতিক দলগুলোর মধ্যে ১১টিই বর্তমান প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সরকারের পক্ষে অবস্থান নিয়েছে। সরকারের পক্ষে থাকার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রও। ফলে আন্দোলনের গতি অনেক কমে গেছে। পার্লামেন্টের সামনে অবস্থান করা তার অনেক কর্মী-সমর্থকও বাড়ি চলে যেতে শুরু করেছে। এ অবস্থায় আন্দোলনের সফলতা নিয়ে ইমরানের দলের মধ্যেই সন্দেহ তৈরী হয়েছে।
১৯৯৫ সালে ব্রিটিশ নাগরিক জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করেন ইমরান খান। ২০০৪ সালে ইমরান-জেমিমা বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। এই ঘরে সুলাইমান এবং কাশিম নামে দুই পুত্র সন্তান যারা তাদের মায়ের সঙ্গে ব্রিটেনে বাস করেন। জানা গেছে, বিয়ের জন্য পরিবারের পক্ষ থেকে ইমরানের ওপর চাপ আছে। আর এ নিয়ে সামাজিক গণমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা আছে। এর জবাব দিতেই হয়তো ইমরানের এই ঘোষণা! -পিটিআই