প্রিমিয়ার ইউনিভার্সিটির রংপুর ক্যাম্পাস সিলগালা
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৪, ২২:৪৭
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আইন অমান্য করে অবৈধভাবে ক্যাম্পাস পরিচালনার অভিযোগে প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজির রংপুর ক্যাম্পাস সিলগালা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সোমবার দুপুরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মামুন তালুকদারের নেতৃত্বে মহানগরীর কলেজ রোডস্থ রংপুর ক্যাম্পাসে অভিযান চালায় পুলিশ। এসময় বিভিন্ন মালামাল জব্দসহ পুরো ক্যাম্পাসে তালা ঝুলিয়ে সিলগালা করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মামুন তালুকদার জানান, গত বছর ২ জুন ক্যাম্পাস বন্ধে কর্তৃপক্ষকে নোটিস দিয়ে অবগত করা হয়। কিন্তু এ ব্যাপারে প্রিমিয়ার ইউনিভার্সিটি কোন পদক্ষেপ না নেয়ায় গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের ৪৩০৫ ধারায় রংপুর ক্যাম্পাস সিলগালা করে দেয়া হয়।