রাবিতে ভর্তি পরীক্ষায় আবেদনের তারিখ পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় আবেদনের তারিখ পরিবর্তন হয়েছে। রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল রবিবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত ২৫ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট দুপুর ১২টা থেকে ভর্তির আবেদনপত্র গ্রহণ করা হবে। জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন জানান, আবেদনকারীকে রাবির ওয়েবসাইট (www.ru.ac.bd) অথবা (http://admission.ru.ac.bd) এবং বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত তথ্যাদি জানতে পারবে। বিজ্ঞপ্তি অনুযায়ী টেলিটক মোবাইল ফোন থেকে এসএমএস করে সংশ্লিষ্ট ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে হবে। ১৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। এ বিষয়ে বিস্তারিত সময়সূচি ও আসন বিন্যাসসহ সংশ্লিষ্ট তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।