শরণখোলায় ফেসবুকে বৃদ্ধের আপত্তিকর ছবি আপলোড করার অভিযোগে মারধরে আমিনুল ইসলাম বেলাল (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে উপজেলার উত্তর মালিয়া গ্রামে। এ ঘটনায় শরণখোলা থানায় একটি মামলা ও লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, উপজেলার মালিয়া রাজাপৃুর গ্রামের সোহরাব আকনের ছেলে আমিনুল ইসলাম বিল্লাল কয়েক দিন আগে মিনহাজ উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়া অবস্থার ছবি তার মোবাইলে ধারণ করেন। পরে বিষয়টি জানাজানি হলে বৃদ্ধের নাতী ইসাহাক গাজী, আসাদুল গাজী ও জাকির হোসেন লাবন শুক্রবার রাত ৮টার দিকে বাংলাবাজারে বসে বিল্লালকে ধরে এলোপাতাড়ি মারধর করে ছেড়ে দেয়। এ অবস্থায় তিনি বাড়িতে চলে যান। রাত সোয়া তিনটার দিকে বিল্লাল অসুস্থ হয়ে পড়েন। শনিবার সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. খায়রুল বাশার তাকে মৃত ঘোষণা করেন। হাসাপতালে নিয়ে আসার আগেই বেলাল মারা যান বলে চিকিৎসক জানান।
এ দিকে, নিহত বেলালের স্ত্রী কারিমা (২৫) অভিযোগ করে বলেন, বিষয়টি ধামাচাঁপা দিতে ইসহাকের বাবা পান্না গাজী বেলালকে হাসপাতালে নিতে না দিয়ে আটকে রাখে। চিকিৎসা না করিয়ে রাতে তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি এ হত্যাকাণ্ডের সুবিচার দাবি করেছেন।
আরও পড়ুন: টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড
শরণখোলা থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার জানান, নিহতের বাবা সোহরাব হোসেন আকন বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
ইত্তেফাক/কেকে