পানির জন্য ৫৪ লাখ টাকা লাগত বাফুফের

যে কোনো ক্রীড়াক্ষেত্রেই পানির প্রয়োজনীয়তা অপরিসীম। ফুটবলেও ব্যতিক্রম নয়। পানির জন্য বছরে অর্ধকোটিরও বেশি টাকা খরচ করে থাকে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্হা বাফুফে।

তবে আগামী দুই বছরের জন্য এর থেকে মুক্তি পাচ্ছে তারা। কেননা, প্রথমবারের মতো বাফুফের সঙ্গে বেভারেজ পার্টনার হিসেবে যুক্ত হয়েছে টিকে গ্রুপের প্রতিষ্ঠান পুষ্টি।

গতকাল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘এ বছর আমাদের ব্যস্ত সূচি, বিশ্বকাপ ফুটবল রয়েছে, এরই মধ্যে অনেক টুর্নামেন্টও করেছি। সামনে আরও হবে। ফলে এই পর্যায়ে এসে বেভারেজকে পার্টনার পেয়ে খুশি। আমাদের বছরে ৫৪ লাখ টাকার মতো পানীয় লাগে। এখন থেকে সেটা আর লাগছে না। পুষ্টি আমাদের সব কার্যক্রমে পানি সরবারহ করবে।’

শুধু বেভারেজ পার্টনার হিসেবেই নয়, বাফুফের সঙ্গে অন্যান্য ক্ষেত্রেও যুক্ত হতে চায় টিকে গ্রুপ। চুক্তি অনুষ্ঠানে টিকে গ্রুপের ডিরেক্টর মার্কেটিং মোফাসসেল হক বলেন, ‘আমরা সালাম ভাই, সালাউদ্দিন ভাই পরবর্তীতে আসলাম ভাই, কায়সার হামিদদের খেলা দেখেছি। ফুটবলের অনেক জনপ্রিয়তা ছিল। সেই ফুটবলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমরা দারুণ খুশি। ভবিষ্যতে আমরা ফুটবলের আরো অন্য ক্ষেত্রেও থাকার চেষ্টা করব।’