কিয়েভের আবাসিক ভবনে রাশিয়ার গোলাবর্ষণ

ইউক্রেনের রাজধানী কিয়েভে গোলাবর্ষণ করেছে রাশিয়ার সামরিক বাহিনী। ইউক্রেনের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, সোমবার (১৪ মার্চ) স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটের দিকে একটি আবাসিক ভবনে করা হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের জরুরি পরিষেবা সার্ভিস বলছে, হামলার পর দু’টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ওই আবাসিক ভবনে হামলার পরের কিছু ছবি প্রকাশ করেছে সংস্থাটি। সেখানে দেখা যায়, ৯তলা বিশিষ্ট ভবনের ওই ব্লক থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। ভবনে আটকে পড়াদের উদ্ধারে মই ব্যবহার করতেও দেখা গেছে।

এদিকে, কিয়েভের উত্তরাঞ্চলে অবস্থিত অ্যান্তোনভ এয়ারক্রাফ্ট প্লান্টেও হামলা চালিয়েছে রুশ বাহিনী। তথ্যটি নিশ্চিত করেছে শহর কর্তৃপক্ষ।