লক্ষ্মীপুরের কমলনগরে ১৪২০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার চর লরেন্স ইউনিয়নের তুলাতলী নামক স্থানের হাজী রোডস্থ বরফ মিলের সামনে থেকে এই ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় কাজলরেখা (৩৫) নামে এক নারীকে আটক করে পুলিশ।
উদ্ধার ও আটক অভিযান পরিচালনা করেন থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন। সংশ্লিষ্ট বিষয়ে কমলনগর থানার এসআই মহিন উদ্দীন বাদী হয়ে কমলনগর থানায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার আসামি কাজলরেখা ছাড়াও তার জামাতা ভোলা জেলার চরফ্যাসন উপজেলার (ওজার বাড়ির) মো. এমরান। কাজলরেখা চরলরেন্স ইউনিয়নের কুয়েত প্রবাসী মোহাম্মদ সোহেলের স্ত্রী।
পুলিশ জানায়, পলিথিনের ১৪টি প্যাকেটে পুরোনো গামছায় মোড়ানো অবস্থায় এই ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবার পুটলি পানিতে ফেলে দিলে বেশ কিছু ট্যাবলেট গলে যায়। ধারনা করা হচ্ছে ২০০০ থেকে ২৫০০ ইয়াবা ট্যাবলেট ছিল।
কাজলরেখা জানান, শুক্রবার রাতে তার জামাতা চট্টগ্রাম থেকে তাদের (কাজলরেখা) বাড়িতে আসে। এমরান যে ইয়াবার চালান এনেছেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
আরো পড়ুন: অচিরেই ছাত্রলীগের সমস্যার সমাধান করা হবে: কাদের
তিনি আরো জানান, ৬ মাস পূর্বে মোবাইল ফোনে পরিচয়ের সূত্রে এমরানের সঙ্গে তার মেয়ের সুমির পরিচয় হয়। পরে তারা পলিয়ে গিয়ে বিয়ে করে, তাই তিনি জামাতা সম্পর্কে কোন তথ্য দিতে পারছেন না। তবে পুলিশ ধারনা করছে ইয়াবার চালান চট্টগ্রাম থেকে কমলনগর হয়ে ভোলায় যায়। কাজলরেখাকে এ কাজের অন্যতম সহযোগী মনে করছে পুলিশ।
কমলনগর থানার ইনচার্জ ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চট্টগ্রামের মিরসরাই থেকে ইয়াবার একটি চালান কমলনগর আসছে। সেই থেকেই আমরা চালানটি আটকের চেষ্টায় ছিলাম, রাত ১২টায় আমরা অভিযান পরিচালনা করি। তবে অভিযান চলাকালীন সময়ে মূল আসামি এমরান কৌশলে পালিয়ে যায়। আমরা এমরানকে আটকের চেষ্টায় আছি।
ইত্তেফাক/জেডএইচ