সাধারণত কয়েকটি শট মিলে নির্মাণ করা হয় বিজ্ঞাপনচিত্র। কিন্তু এবার এক শটে বিজ্ঞাপনচিত্র বানালেন আশফাক উজ্জামান বিপুল। বিজ্ঞাপনের শুরু থেকে শেষ হবার আগে পর্যন্ত কোথাও কোনো দৃশ্য কাট করা হয়নি। ৭৫ সেকেন্ডের এই বিজ্ঞাপন চিত্রটি দেশের ইতিহাসে সিঙ্গেল শটে গ্রহণ করা প্রথম ও একমাত্র বিজ্ঞাপন বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।
এতে দেখা যায়, নিঃস্বার্থভাবে ভালোবাসা প্রকাশ করলে তা কোনো না কোনো ভাবে আবার ভালোবাসা রূপেই ফিরে আসে।
নির্মাতা বিপুল বলেন, “এই ধরনের কাজ বাংলাদেশে এবারই প্রথম হলো। টেকনিক্যাল দিক থেকে কাজটি খুব কঠিন ছিল। তবে শুট শুরু হবার আগেই পর্যাপ্ত অনুশীলন, অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের অসাধারণ ধৈর্য এবং কঠোর পরিশ্রমের কারণেই এর সফল নির্মাণ সম্ভব হয়েছে।’
বিজ্ঞাপন প্রসঙ্গে সিটি গ্রুপের ডিরেক্টর মো. হাসান বলেন, ‘দেশের মানুষের সাথে সফলতার সাথে ৫০ বছর ধরে এগিয়ে চলা আমাদের জন্য অনেক বড়ো একটি পাওয়া। তাই এবার ক্যাম্পেইনের সর্বত্র ছিল আমাদের বাড়তি প্রচেষ্টা। সে প্রচেষ্টারই একটি অংশ সিঙ্গেল শটের এই বিজ্ঞাপন।’
সম্প্রতি ভালোবাসার ৫০ বছর উপলক্ষে এটি প্রকাশ করে সিটি গ্রুপ।