ব্রাজিলের নাম বাংলাদেশের মানুষেরা জানে ফুটবলের দেশ হিসেবে। তবে ফুটবলের বাইরে ব্রাজিল অপর সৌন্দর্যের দেশ। প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় মানুষের জীবন ও আফ্রিকান-ব্রাজিলিয়ান বর্ণিল সংস্কৃতির দেশ ব্রাজিল।
আলোকচিত্রী সাবরিনা ইসলাম ব্রাজিল কার্নিভালে অংশ নিয়ে সে দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি, মানুষ ও প্রকৃতিকে ধারণ করেছেন তার ক্যামেরায়। তার তোলা সেসব ছবি নিয়ে রাজধানীতে হয়ে গেল দু’দিনের আলোকচিত্র প্রদর্শনী। গুলশানের এজ গ্যালারিতে গত রবিবার সন্ধ্যায় ‘বৈচিত্র্যময় সৌন্দর্যে ব্রাজিল’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা জুনিয়র।
ব্রাজিল কার্নিভাল হচ্ছে বাৎসরিক উৎসব। যে উৎসবে ব্রাজিলের সাম্বা স্খুরের শিক্ষার্থীরা অংশ নেয়। পাশাপাশি আফ্রিকান-ব্রাজিলিয়ান সাংস্কৃতিক ঐতিহ্যের নৃত্য পরিবেশন করেন বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী এবং সাধারণ মানুষ। সারা পৃথিবীর পর্যটকরা তা দেখতে ভিড় করেন ব্রাজিলে। বাংলাদেশের ব্রাজিল দূতাবাসের আমন্ত্রণে সাবরিনা ইসলামও ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেইরোতে ব্রাজিল কার্নিভালে অংশ নিয়ে তাদের সাম্বা নৃত্যসহ বিভিন্ন বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের ছবি তুলেছেন। এছাড়া ব্রাজিলের বিভিন্ন স্থানে তিনি ঘুরে বেড়িয়ে তুলে এনেছেন সে দেশের মানুষ ও প্রকৃতিকে।
প্রদর্শনীতে ছবি স্থান পেয়েছে তিনটি পর্বে। ব্রাজিল কার্নিভাল, প্রকৃতি ও জনজীবন। তার ছবিতে উঠে এসেছে ক্রাইস্ট দ্য রিডিমার, কোপাকাবানা বিচ, নয়নাভিরাম জলপ্রপাত, মানুষের জীবন, আদিবাসী সমাজ, শহুরে ও গ্রামীণ মানুষের জীবনযাত্রা প্রভৃতি।
প্রদর্শনীতে ৭২টি আলোকচিত্র স্থান পেয়েছে। আজ সোমবার ছিল প্রদর্শনীর দ্বিতীয় ও শেষ দিন।