দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। একটা সময় টিভি নাটকে নিয়মিত কাজলেও এখন তিনি পুরোদস্তুর নায়িকা। সর্বশেষ ২০২১ সালের জানুয়ারিতে নাটকে কাজ করেছিলেন এই নায়িকা। প্রায় দেড় বছর পর অভিনেতা তাহসানের সঙ্গে নাটকে ফিরছেন এই অভিনেত্রী।
মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত নতুন একটি নাটকের শুটিং শুরু করছেন আজ (১৪ মার্চ) থেকেই। নাটকের নাম অবশ্য এখনো চূড়ান্ত করা হয়নি।
নাটকে ফেরা প্রসঙ্গে মিম বলেন, ‘গত বছরের জানুয়ারিতে আমার শেষ নাটক মুক্তি পেয়েছে। এরপর আর কাজ করা হয়নি। অনেকদিন পর ফিরলাম। আমি মূলত বিশেষ দিবসে, অনুরোধে নাটকে কাজ করি। এই নাটকের গল্পসহ সবকিছু পছন্দ হলো, তাই করছি।’
এদিকে চলতি বছরই বিয়ে করেছেন মিম। গত ৪ জানুয়ারি জমকালো আয়োজনে প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে মালাবদল করেন তিনি। সেই সূত্রে বিয়ের পর তার প্রথম নাটকও এটি। কিছুদিন আগে অবশ্য বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন নায়িকা।
বর্তমানে মিম অভিনীত কয়েকটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। এর মধ্যে রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ ও দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ উল্লেখযোগ্য।