পুরান ঢাকার চানখাঁরপুলের হোসনি দালানে পবিত্র আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলা মামলার রায় মঙ্গলবার ঘোষণা করা হবে। ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ রায় ঘোষণা করবেন। আসামিপক্ষের আইনজীবী ফারুক আহমেদ এ তথ্য জানান।
এর আগে ১ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুনানি শেষে রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করেন আদালত।
২০১৫ সালের ২৩ অক্টোবর রাতে পবিত্র আশুরায় তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি বোমা হামলা চালায়। এতে দুজন নিহত ও শতাধিক আহত হয়। ঐ ঘটনায় রাজধানীর চকবাজার থানায় উপপরিদর্শক জালাল উদ্দিন মামলাটি দায়ের করেন।
এরপর ২০১৬ সালের ১৮ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক শফিউদ্দিন ১০ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ২০১৭ সালের ৩১ মে ১০ জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আসামিরা হলেন কবির হোসেন, জাহিদ হাসান, রুবেল ইসলাম, আবু সাঈদ, আরমান, মাসুদ রানা, হাফেজ আহসান উল্লাহ, মাসুদ, শাহ জালাল, ওমর ফারুক ও চাঁন মিয়া। এরপর মামলাটি ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়।
২০১৭ সালের ৩১ মে ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। এরপর ২০১৮ সালের ১৪ মে মামলাটি সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে বদলি হয়।