উন্নয়নের নামে কোটি কোটি টাকা পাচার হচ্ছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মানুষ খেতে না পেয়ে ফুটপাথে কাতরাচ্ছে, আওয়ামী লীগ সরকার তখন দ্রব্যমূল্যে বৃদ্ধি করে। এটাই তাদের ঐতিহ্য। জনগণ খেতে না পেয়ে বাঁচলো কি মরলো এর কোনো তোয়াক্কা করে না। উন্নয়নের নামে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হচ্ছে।

সোমবার (১৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নুরজাহান ইয়াসমিন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক নায়েবা ইউসুফ, সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লায়লা রুনা প্রমুখ।

রুহুল কবির রিজভী বিএনপির আন্দোলন-সংগ্রামকে বাঁচা-মরার সংগ্রাম আখ্যা দিয়ে বলেন, এই সরকার অনেক কিছুই হত্যা করেছে। এরা গণতন্ত্র, গণতন্ত্রের মৌলিক অধিকার এবং মানুষের কথা বলার স্বাধীনতাকে হত্যা করেছে। এরা হত্যা ও রক্তক্ষরণ ছাড়া কিছুই পারেনি। অন্যায়-অবিচার নিশ্চিত করতেই খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। তার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে তার সঙ্গে খালেদা জিয়ার কোনো সম্পর্ক নাই। এই সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্রকে মুক্ত করতে হবে।

নজরুল ইসলাম খান বলেন, এক সময় একটা বক্তৃতা ধুব জনপ্রিয় হয়েছিল। ভাতে মারবো, পানিতে মারবো ইত্যাদি। তারা বলেছিলেন, মারবো কিন্তু আজকে যে সরকার ক্ষমতায় আসীন তারা মারা শুরু করেছেন। যে চালের দাম ছিল ১৫ টাকা তা হয়ে গেছে ৪৫ টাকার বেশি। পানির দাম গত ১৩ বছরে ১৪ বার বেড়েছে। আবার শতকরা ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। কাজেই মায়েরা-বোনেরা আপনাদের সন্তানদের যদি এই ভাতে মারা পানিতে মারা থেকে বাঁচাতে চান, তাহলে লড়াইয়ের আর কোনো বিকল্প নেই। সরকারের সিন্ডিকেট ও চাঁদাবাজদের কারণেই প্রতিনিয়ত দ্রব্যমূল্য বাড়ছে। এ থেকে মুক্তির একমাত্র পথ, নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।