জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল গুরুতর অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালের আইসিইউতে রয়েছেন।
সোমবার (১৪ মার্চ) রাতে চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে নেওয়া হয়। এমনটা নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস।
নাফীস তার ফেসবুক পোস্টে জানান, ‘মোশাররফ রুবেলকে স্কয়ার হাসপাতালে (আইসিইউ) ভর্তি করা হয়েছে এবং তার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। তার জন্য দোয়া করবেন প্লিজ......’
রুবেলের শ্যালক বলেন, ‘ভাইকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। অবস্থার উন্নতি না হলে লাইফ সাপোর্টে নিতে হতে পারে।’
২০১৯ সালের মার্চে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। দেড় বছর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু ২০২১ সালের জানুয়ারির শেষ সপ্তাহে এমআরআই করার পর দেখা গেছে, পুরনো টিউমারটি আবার নতুন করে বাড়ছে। তারপর থেকে আবার শুরু হয়েছে কেমোথেরাপি। সব মিলিয়ে ২৪টি কেমোথেরাপি নিয়েছেন। গত ১১ অক্টোবর ইউনাইটেড হাসপাতালেই সর্বশেষ কেমোথেরাপি নিয়েছেন তিনি।
২০০৮ সালে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জাতীয় দলে অভিষেক রুবেলের। তিন ম্যাচ ওয়ানডে খেলে ১ উইকেট পান। দল থেকে অতি দ্রুত বাদ পড়েন। এরপর তাকে ২০১৩ সালে শ্রীলঙ্কা সফরে নিয়েছিল দল। কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়ে আবার বাদ পড়েন। ২০১৬ সালে আট বছর পর জাতীয় দলের জার্সিতে মাঠে নেমে ৩ উইকেট পান। দলকে জেতাতে বড় ভূমিকাও রাখেন তিনি। কিন্তু পরের ম্যাচে উইকেট না পাওয়ায় রুবেল আবার জাতীয় দল থেকে বাদ পড়েন। ফলে তার ক্যারিয়ার সেখানেই থেমে যায়।