রুশ টেলিভিশন চ্যানেলগুলোর ওপর দীর্ঘ দিন ধরে কঠোর হস্তক্ষেপ করে আসছে ক্রেমলিন। বেশিরভাগ টিভি চ্যানেলের নিজস্ব দৃষ্টিভঙ্গী সম্প্রচার হয় না বলে অভিযোগ আছে। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর চালু করা নতুন আইনে গণমাধ্যমের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ হচ্ছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
এসবের মধ্যেই ঘটেছে এক ভিন্ন ঘটনা। রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেল ওয়ান-এ একজন নারী গণমাধ্যমকর্মী যুদ্ধবিরোধী বার্তা দিয়েছেন।
দ্য গার্ডিয়ান জানায়, ওই বার্তাসহ অনুষ্ঠানটি সম্প্রচার হয়েছে। সোমবার (১৪ মার্চ) সকালের একটি অনুষ্ঠানে উপস্থাপিকা ক্যামেরার সামনে বসা ছিলেন। তার পেছনে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে যান টিভি চ্যানেলটির একজন সম্পাদক। তার নাম মেরিনা অভিয়ান্নিকোভা।
ওই প্ল্যাকার্ডে লেখা ছিল, যুদ্ধ নয়, লড়াই বন্ধ করো, প্রচারণা বিশ্বাস করবেন না, এখানে আপনাদের মিথ্যা বলছে তারা।
শুধু প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েই তিনি থেমে যাননি। চিৎকার করে বলেছেন, যুদ্ধ নয়, লড়াই বন্ধ করো।