কঠিন সময়ে সংহতি প্রদর্শনের জন্য তুরস্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইউক্রেন। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে এক ফোনালাপে নিজ দেশের এমন কৃতজ্ঞতার কথা জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদুলো এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে ইউক্রেনে রুশ আগ্রাসনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
ফোনালাপের পর টুইটারে এক পোস্ট করেছেন দিমিত্রো কুলেবা। সেখানে তিনি ইউক্রেনের পাশে থাকার জন্য তুরস্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে আমার কথা হয়েছে। রুশ আগ্রাসন থামাতে তুরস্ক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে তিনি। আমরা ইউক্রেনে শান্তি পুনরুদ্ধারের জন্য যৌথ পদক্ষেপের সমন্বয় অব্যাহত রাখতে সম্মত হয়েছি। কঠিন সময়ে ইউক্রেনের পাশে থাকার জন্য তুরস্কের প্রতি কৃতজ্ঞতা।
এর আগে গত ১০ মার্চ ইউক্রেন পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, প্রায় ঘণ্টাখানেক ধরে কথা হয়েছে দুই নেতার। ফোনালাপে ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার বিদ্যমান সংঘাতের একটি রাজনৈতিক সমাধানের জন্য তুরস্ক তার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানান এরদোয়ান। তুরস্কে ইউক্রেন, রাশিয়া ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর মধ্যকার ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনকে কূটনৈতিক বিজয় হিসেবেও আখ্যায়িত করেন তিনি।