দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। এ সময় করোনা শনাক্ত হয়েছে ২১৭ জনের। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৫৪ শতাংশ। মঙ্গলবার (১৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সর্বশেষ গত বছরের ৯ ডিসেম্বর করোনাভাইরাসে মৃত্যু শূন্য ছিল বাংলাদেশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৪ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ২১৭ জন রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে কোনো কোভিড রোগীর মৃত্যু হয়নি।
নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৯৪২ জন। তাদের মধ্যে ২৯ হাজার ১১২ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।