অনুকূল আবহাওয়া ও উচ্চ-ফলনশীল জাতের গম আবাদের ফলে চলতি মৌসুমে ঈশ্বরদীতে গমের ভালো ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ। আর মাত্র কয়েক দিন পরই শুরু হবে গম কাটা-মাড়াইয়ের কাজ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় ১ হাজার ৯০০ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রতি হেক্টরে ৩ দশমিক ৫৪ মেট্রিক টন। উপজেলার মুলাডুলি, দাশুড়িয়া, সাড়া ইউনিয়নে ও পদ্মার চর বিলবামনিতে গমের আবাদ বেশি হয়েছে।
সরেজমিনে এসব এলাকায় দেখা যায়, গমের কাঁচা-পাকা শিষ বাতাসে দোল খাচ্ছে। প্রতিটি শিষ অনেক বড় হয়েছে এবং শিষে বিগত সময়ের চেয়ে এবার গমের দানা খুব ভালো হয়েছে।
সাড়া ইউনিয়নের কৃষক বাসিদুল ইসলাম ডুমনা কাজী বলেন, এবারে তিনি বারি-৩০, ৩২, ৩৩ জাতের গম আবাদ করেছেন। গমের জন্য আবহাওয়া অনুকূলে ছিল, তাই ভালো ফলন আশা করছেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিতা সরকার বলেন, এ বছর উচ্চ-ফলনশীল জাতের গমের আবাদ বেশি হওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় গমের ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। বাজারদর ভালো থাকায় এবার কৃষকরা লাভবান হবেন।