দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরের মোকামে কমতে শুরু করেছে সব ধরনের পেঁয়াজের দাম। বর্তমানে বাজারে কেজিতে ১৩-১৫ টাকা কমে বেচাকেনা হচ্ছে। ফলে ভোক্তা পর্যায়ে স্বস্তি ফিরতে শুরু করেছে।
বাংলা হিলি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গত রবিবার (১৩ মার্চ) ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ৩২-৩৬ টাকায় বিক্রি হলেও সোমবার (১৪ মার্চ) দুপুরে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮-২২ টাকায়।
খুচরা বিক্রেতা শাহাবুল জানান, সব ধরনের ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে ১৩-১৫ টাকা কমে ১৮-২২ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ৫০-৫২ টাকার দেশি পেঁয়াজ ৪০-৪২ টাকায় বিক্রি হচ্ছে।
স্থলবন্দরের পাইকারি ব্যবসায়ী ফেরদৌস রহমান জানান, ভারত থেকে পেঁয়াজের আমদানি বাড়ায় সব ধরনের পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।
ক্রেতা কবির উদ্দিন ও আশরাফ বলেন, ‘গত কয়েক দিনের তুলনায় আজ সস্তায় পেঁয়াজ কিনতে পেরেছি।’
হিলি বন্দরের পেঁয়াজ আমদানিকারক মোর্শেদ হোসেন জানান, আমদানি বাড়ায় পেঁয়াজের দাম কমেছে। হিলি স্থল শুল্ক স্টেশনের উপ-কমিশনার মো. কামরুল ইসলাম জানান, গত রবিবার এক দিনে ভারত থেকে ৩৮ ট্রাকে ১ হাজার ১০৪ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে। বর্তমানে পেঁয়াজ আমদানি স্বাভাবিক আছে।