রাজারহাটে তিস্তার চরে মরিচের চাষ

রাজারহাটে তিস্তার চরাঞ্চলের জমিতে এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে কাঁচা মরিচ। কাঁচাপাকা অবস্থায়ও এর প্রচুর চাহিদা থাকা এবং ভালো ফলনের সঙ্গে দামও ভালো পাওয়ায় উপজেলায় বাড়ছে মরিচের চাষ। 

রাজারহাট উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু তাহের জানান, চলতি মৌসুমে উপজেলায় ৪৫ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। তিস্তার চরগুলো ঘুরে দেখা যায়, বিদ্যানন্দ ইউনিয়নের শিয়ালখাওয়া চরগাবুর হেলান, তৈয়ব খাঁ, রামহরি, বুড়ির হাট, মন্দির, চতুড়া, চর আন্দবাজার, চর খিতাব খাঁ, রতিদেব চরসহ তিস্তা নদীর অববাহিকার বিস্তীর্ণ জমিতে শোভা পাচ্ছে মরিচ খেত। এখানকার উৎপাদিত মরিচ এলাকার চাহিদা মিটিয়ে জেলার বিভিন্ন হাটবাজারে বিক্রি হচ্ছে। 

বিদ্যানন্দ ইউনিয়নের চর তৈয়ব খাঁ গ্রামের রফিকুল ইসলাম জানান, তিনি তিস্তার চরে এক বিঘা জমিতে মরিচের চাষ করেছেন। এবার মরিচের বাম্পার ফলন হয়েছে। এ পর্যন্ত তিনি ১২ হাজার টাকার মরিচ বিক্রি করেছেন। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে তিনি ৩০ হাজার টাকার মরিচ বিক্রি করবেন।  একই কথা বললেন আরো অনেক কৃষক। 

উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা আকতার জানান, চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকলে মরিচের বাম্পার ফলন হবে বলে আশা করছেন। বাজারে এই মরিচের চাহিদা আশানুরূপ হওয়ায় মৌসুম শেষে কৃষকেরা লাভবান হবেন।