বান্দরবানে পাহাড়ের আমবাগানে এসেছে মুকুল 

বান্দরবানে পাহাড়ের আম গাছগুলো মুকুলে ভরে গেছে। থোকা থোকা মুকুলের ভারে নুয়ে পড়েছে আমগাছের প্রতিটি ডাল। বসন্তের নানা ফুলের সঙ্গে সৌরভ ছড়াচ্ছে গাছে গাছে আমের মুকুল। 

আবহাওয়া অনুকূলে থাকায় গত কয়েক বছরের তুলনায় চলতি মৌসুমে আমগাছে প্রচুর মুকুল ধরেছে। ফলে বাগানের মালিকেরা আমের ভালো ফলনের আশা করছেন। তারা মুকুল ঝরা রোধে কৃষি বিভাগের পরামর্শে বাগানে কীটনাশক ও বালাইনাশক স্প্রে করছেন। তারা বলছেন, সব গাছের মুকুল ফুটতে আরো ১৫-২০দিন সময় লাগবে।

বান্দরবান সদর উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক জানান, আমের প্রকৃত ফলন পেতে হলে অবশ্যই আমগাছে কমপক্ষে দুবার ছত্রাকনাশক ও কীটনাশক প্রয়োগ করতে হবে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের তুলনায় আমের চাষ বেশি হয়েছে এবং ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। 

কৃষি বিভাগের তথ্যমতে, বান্দরবান জেলায় গত অর্থবছরে ১৪ দশমিক ৭৪ হেক্টর জমিতে আমবাগান করা হয়। তার মধ্যে ১৪ হাজার ১০৬ মেট্রিক টন বিভিন্ন জাতের আম উৎপাদিত হয়। বান্দরবানে বসবাসরত ১১ ভাষাভাষী ক্ষুদ্র নৃগাষ্ঠীর মধ্যে বম ও মারমা সম্প্রদায়ের মানুষ পাহাড়ের আম চাষে বেশি এগিয়ে এসেছেন।