‘আমার প্রথম ছবির নায়িকা পকেটমার শুনে চমকে উঠেছি’

কলকাতায় সল্টলেক সেন্ট্রাল পার্ক ৪৫তম আন্তর্জাতিক বইমেলায় চুরির অভিযোগে অভিনেত্রী রূপা দত্তকে গ্রেফতার হয়েছেন পুলিশ। শনিবার (১২ মার্চ) সন্ধ্যায় মেলায় থাকা টহল পুলিশ তাকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে অভিযোগ তিনি বইমেলা থেকে একজনের পকেট মেরেছেন। পকেটমার এই অভিনেত্রীকে নিয়ে স্মৃতিচারণ করে ইনস্টাগ্রামে অঙ্কুশ তার প্রথম সিনেমা ‘কেল্লাফতে’-এর একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের জলে নাচছেন অঙ্কুশ ও রূপা।

ক্যাপশনে অঙ্কুশ লিখেছেন, ‘মনে পড়ছে প্রথম ছবির কথা। তখন আমার টাকাও ছিল না, তাই মানিব্যাগও ছিল না।’ পাশে হ্যাশট্যাগে ‘থ্যাঙ্ক গড’ (ভাগ্যিস) লেখা। মূলত এই লেখা দিয়ে রূপা দত্তকে ট্রল করেছেন তিনি।

বইমেলায় চুরির অভিযোগে রূপা দত্তকে গ্রেফতার করে পুলিশ। ছবি: সংগৃহীত

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে ২০০৯ সালে ‘কেল্লাফতে’ ছবির শুটিং শুরু হয়েছিল। টানা এক বছর ধরে সেই ছবির কাজ চলে। ২০১০ সালে ছবিটি মুক্তি পায়। বাংলা ইন্ডাস্ট্রি এক ‘হিরো’ পায়। তার নাম অঙ্কুশ হাজরা। হিরোইন রূপা দত্ত। সেই রূপা দত্ত, সম্প্রতি কলকাতা বইমেলা থেকে গ্রেফতার হন পকেটমারের অভিযোগে। আদালতে তোলা হয়েছে তাকে। এক দিনের জেল হেফাজতও হয়েছে।

নিজের নায়িকার এমন পরিণতি মেনে নিতে পারছেন না অঙ্কুশ। তিনি বলেন, ‘রূপার চালচলনে আভিজাত্য ছিল। সম্ভবত তিনি ‘কেল্লাফতে’ ছবির একজন প্রযোজকও ছিলেন। টাকা ঢেলেছিলেন ছবিতে। যা জানতাম, স্বচ্ছল পরিবার থেকে এসেছিলেন তিনি। পরে বইমেলায় পকেটমারের ঘটনা শুনে চমকে উঠেছি।’